অর্থ নয়, নেইমারকে বেছে নিলেন মার্কিন তরুণী
একদিকে ১০ হাজার ডলার, অন্যদিকে নেইমারের সঙ্গে দেখা করার সুযোগ - বেছে নিতে হবে যে কোনো একটা। যুক্তরাষ্ট্রের এক স্কুল পড়ুয়া মেয়ে অতগুলো অর্থ পায়ে ঠেলে প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগটাই লুফে নিয়েছেন।
ব্রাজিলের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান গুয়ারানা আন্তার্কতিকার একটি প্রতিযোগিতা জেতার পুরস্কার হিসেবে এ সুযোগ পান ১৬ বছর বয়সী তরুণী রিয়ানোন কনোলি। এক জন প্রকৃত ভক্তের মতো টাকা নয়, প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগটাই বেশি লোভনীয় মনে হয়েছে কনোলির কাছে।
এ প্রসঙ্গে কনোলি বলেন, “আমি শুধু নেইমারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমি মনে করেছি, এটা ১০ হাজার ডলারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার এই সিদ্ধান্তের সঙ্গে কেউ একমত ছিল না; কিন্তু আমি এই ব্যাপারে অটল থেকেছি।”
নিজেও ফুটবল খেলেন ও ভালোবাসেন কনোলি। স্কুল দলে অবশ্য নেইমারের মতো ফরোয়ার্ড নন তিনি, খেলেন গোলরক্ষক হিসেবে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছর নেইমারের দেখা পাবেন কনোলি।
