আর্মেনিয়াকে সহজেই হারাল ফ্রান্স
নিয়মিত আটজন প্রথম একাদশে না থাকলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি ফ্রান্সের। মঙ্গলবার প্রীতি ম্যাচে আর্মেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ফ্রান্সের জয়ে গোল তিনটি করেন লোইক রেমি, আন্দ্রে পিয়েরে জিয়ানাক ও আন্তোয়ান গ্রিজমান।
পর্তুগালের বিপক্ষে আগের ম্যাচের প্রথম একাদশের স্টিভ মান্দান্দা, রাফায়েল ভারানে ও ব্লেইস মাতুইদি ছাড়া আর কাউকে আর্মেনিয়ার বিপক্ষে শুরুতে নামাননি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
তবে শুরু থেকেই আর্মেনিয়ার রক্ষণভাগের ওপর চাপ তৈরি করে ফ্রান্স। সাফল্য পেতেও বেশি দেরি হয়নি। সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন রেমি। জিয়ানাকের চমৎকার ক্রসে বল জালে পাঠান তিনি। ২০তম মিনিটে রেমির শট বারে লেগে ফেরে।
দ্বিতীয়ার্ধে পল পগবাকে ডি বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় ফ্রান্স। জিয়ানাকের সফল পেনাল্টিতে ৫৫তম মিনিটে স্কোর লাইন হয়ে যায় ২-০। পাঁচ বছর পর দেশের হয়ে গোল পেলেন অলিম্পিক মার্সেইলি ফরোয়ার্ড।
৮৩তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন গ্রিজমান। এই গোলেও দারুণ অবদান জিয়ানাকের। তার কাছ থেকে বল পেয়েই স্বাগতিকদের জালে জড়ান গ্রিজমান।
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ায় বাছাই পর্বে খেলতে হচ্ছে না ফ্রান্সকে। তাই প্রীতি ম্যাচ খেলে সেই প্রতিযোগিতার জন্য নিজেদের দল গুছিয়ে নিচ্ছে তারা।
