'ক্লাসিকোর জন্য প্রস্তুত সুয়ারেস'
নিষেধাজ্ঞার জন্য লম্বা সময় ধরে ক্লাব ফুটবলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি লুইস সুয়ারেস। তবে বার্সেলোনার ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসারেতা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামবেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।
আগামী ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার লড়াইয়ে নামবে বার্সেলোনা। আর এই ম্যাচ দিয়েই চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সম্ভাবনা রয়েছে লিভারপুলের সাবেক এই তারকার।
রিয়ালের বিপক্ষে পুরানো রূপে সুয়ারেসকে ফিরে পাওয়ার আশায় সুবিসারেতা বলেন, "আশা করি (কোচ) লুইস এনরিকে দলের সব খেলোয়াড়কেই (ওই ম্যাচে) পাবেন। তাকে (সুয়ারেস) ছাড়া মৌসুমের শুরুটা আমরা ভালোই করেছি। আমি মনে করি, বের্নাবেউয়ে ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে।"
তাছাড়া সুবিসারেতার মতে, সুয়ারেস নিজেও তার বর্তমান ও সামনের পরিস্থিতি সম্পর্কে ভালোমতো জানে। ক্লাবের জন্য ২৭ বছর বয়সী সুয়ারেসকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেও উল্লেখ করেন বার্সেলোনার পরিচালক।
ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনির কাঁধে কামড়ে দেয়ার অপরাধে শাস্তি ভোগ করছেন সুয়ারেস। তাকে আন্তর্জাতিক ফুটবলে ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচসহ যেকোন ধরণের ফুটবলে চার মাস নিষিদ্ধ করে ফিফা। পরে আপিলের পর আন্তর্জাতিক ক্রীড়া আদালত সুয়ারেসকে দলের সঙ্গে অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার অনুমতি দেয়।
গত সোমবার ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন সুয়ারেস। এর আগে গত সেপ্টেম্বরে বার্সেলোনার 'বি' দলের হয়েও একটি প্রীতি ম্যাচে গোল করেছিলেন তিনি।
