‘জিদানের মানের রোনালদো’
ক্রিস্তিয়ানো রোনালদোকে ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদানের সঙ্গে তুলনা করেছেন চেলসির কোচ জোসে মরিনিয়ো। মরিনিয়োর মতে, রোনালদো ও জিদান একই মানের খেলোয়াড়।
ফরাসি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে স্বদেশী ফরোয়ার্ড রোনালদোর প্রশংসায় একথা বলেন পর্তুগিজ কোচ মরিনিয়ো।
“ফরাসিদের কাছে জিদান যেমন, রোনালদো তেমন খেলোয়াড়। তার মতো আরেকজন আসবে না। সে অবিশ্বাস্য এক খেলোয়াড়, একটা গোল মেশিন।”
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন মরিনিয়ো। তখন থেকেই তিনি বলে আসছেন, বর্তমান ফুটবলে রোনালদোই সেরা।
রিয়াল ছাড়ার সময় রোনালদোর সঙ্গে তার কিছুটা মনোমালিন্য হয়েছিল। তারপরও ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদোর প্রতিভা নিয়ে কখনই প্রশ্ন তোলেননি ভিন্ন দুই দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মরিনিয়ো।
