ফিরেই কলম্বিয়াকে জেতালেন ফালকাও
প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে কলম্বিয়াকে জয় এনে দিয়েছেন রাদামেল ফালকাও। শুক্রবার রাতের প্রীতি ম্যাচে এল সালভাদোরকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।
দলের জয়ে জোড়া গোল করেন কার্লোস বাক্কা ও ১টি গোল পান ফালকাও। চোটের কারণে গত নভেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি ফালকাও। নিউ ইয়র্কে প্রীতি ম্যাচটি দিয়ে জাতীয় দলে ফিরলেন তিনি।
সালভাদোরের জালে গোলের শুরুটা করেন মোনাকো থেকে ধারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে আসা ফালকাও।
৮ম মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেয়া গোলটি করেন চোটের কারণে গত বিশ্বকাপ খেলতে না পারা ফালকাও। এরপর ৪৯ ও ৫১তম মিনিটে জোড়া গোল করে স্কোরলাইন ৩-০ করে দেন বাক্কা।
