বেনজেমাই সেরা ফরোয়ার্ড: রোনালদো
চলতি মৌসুমে গোলের জন্য লড়াই করতে হচ্ছে করিম বেনজেমাকে। এর পরও ফরাসি এই ফরোয়ার্ডের ওপর পূর্ণ আস্থা রয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের এই সতীর্থকেই লা লিগার সেরা ফরোয়ার্ড মনে করেন তিনি।
স্পেনের শীর্ষ লিগ লা লিগায় সপ্তম রাউন্ড শেষে ১৩ গোল করে সবার ওপরে রয়েছেন রোনালদো। তার পেছনে রয়েছেন বার্সেলোনার দুই তারকা নেইমার (৭) ও লিওনেল মেসি (৬)।
বেনজেমার তিন গোলের দুটিই এসেছে রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে। সেই ম্যাচে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক পাওয়া রোনালদোর একটি গোলের উৎস ছিলেন বেনজেমা।
ম্যাচের পর পর্তুগালের অধিনায়ক রোনালদো বলেন, “আমি করিমের জন্য খুশি। সে লা লিগার সেরা ফরোয়ার্ড। সে খুব ভালো করছে।”
নিয়মিতই রিয়াল মাদ্রিদের সমর্থকদের সমালোচনার মুখে পড়া বেনজেমা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর প্রশংসায় উজ্জীবিত হতেই পারেন।
