২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমারে সোনায় সোহাগা

আর্জেন্টিনার লিওনেল মেসি আর ব্রাজিলের নেইমারের মধ্যে গড়ে ওঠা জুটিতে এ মৌসুমে দুর্বার গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা। এ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের ক্লাবটির করা ২২ গোলের মধ্যে ১৫টিই মেসি-নেইমারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 09:07 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

কোচ লুইস এনরিকের অধীনে কার্যকর একটি জুটি তৈরি করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সেরা দুই তারকা।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মেসি করেছেন ৭টি গোল; নেইমারের গোল ৮টি। বার্সেলোনার মোট গোলের ৬৮ শতাংশই তাদের। আর গোলে অবদানের কথা বিবেচনায় আনলে ২২টি গোলের মধ্যে ১৯টিতেই অবদান আছে তাদের।

গোল করার সতীর্থ নেইমারের চেয়ে পিছিয়ে থাকলে কি হবে, এ মৌসুমে মেসি একের পর এক গোল করিয়েও যাচ্ছেন। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৭টি গোলের পাশাপাশি গোলে অবদান রেখেছেন ৮টিতে, যার মধ্যে চারটি আবার নেইমারের।

গত মৌসুমে বোঝাপড়ার শুরু, এ মৌসুমে দুই তারকার মেলবন্ধনটা উপভোগ করার মতো। কোচ লুইস এনরিকের নতুন পরিকল্পনায় মেসি-নেইমার আরেকটু কাছাকাছি থেকে খেলছেন। দুই জনের মধ্যে তাই গোলের সুযোগ তৈরির সুযোগও বেড়েছে। আর এতে সবচেয়ে উপকৃত হয়েছেন নেইমার।

গত মৌসুমে লা লিগার প্রথম ভাগে ছয় গোল করেছিলেন নেইমার। এবার সাত ম্যাচ পার না হতেই লা লিগায় তার গোল সাতটি। গোলগুলোও করছেন আবার নিখুঁত ফিনিশিংয়ে।

এবার নেইমার গড়ে প্রতি ৪৮ মিনিটে লা লিগায় একটি গোল করেছেন। আর ১০টি গোল প্রচেষ্টার ৭টিতেই সাফল্য এসেছে; অর্থাৎ সাফল্যের হার ৭০ শতাংশ।