২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির জয়, ইন্টার মিলানের হার

ইতালির শীর্ষ লিগ সেরি আয় পিছিয়ে পড়েও তোরিনোকে হারিয়েছে নাপোলি, আর ফিওরেন্তিনার কাছে বড় ব্যবধানে হেরেছে ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 03:04 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

রোববার পিছিয়ে পড়েও তোরিনোকে ২-১ গোলে হারায় নাপোলি। আর ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হারে ইন্টার মিলান।

নিজেদের মাঠে ফাবিও কোয়াইলিয়ারেল্লার গোলে ১৪তম মিনিটে পিছিয়ে পড়ে নাপোলি। তবে দ্বিতীয়ার্ধে দুবার অতিথিদের জালে বল পাঠিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে দলটি।

৫৫তম মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের গোলে সমতা ফেরায় নাপোলি। ৭২তম মিনিটে হোসে মারিয়া কালেহনের গোলে জয় নিশ্চিত হয় দলটির।

দিনের অন্য ম্যাচে ফিওরেন্তিনার মাঠে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইন্টার মিলান। মাত্র ১৯ মিনিটের মধ্যে স্কোর লাইন ২-০ করে ফেলেন খোমা বাবাকা ও হুয়ান কারদাদো।

৭৬তম মিনিটে নেনাদ তোমোভিচের গোলে ইন্টার মিলানের টানা দ্বিতীয় হার নিশ্চিত হয়।