সমর্থকদের সঙ্গে সেলফি!
সমর্থকদের সঙ্গে ছবি তুলে গোল উদযাপন করেছেন রবের্ত লেভানদোভস্কি। হানোভারের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচে ‘সেলফি’ তোলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
আলিয়াঞ্জ অ্যারেনায় গোলের পর গ্যালারির পাশে চলে যান লেভানদোভস্কি। তিনি সেলফি তোলার চেষ্টা করা মাত্র খুশি মনে মডেল হয়ে দাঁড়িয়ে যান ভক্তরা। পরে নিজের ইনস্টাগ্রাম আর ফেইসবুকে সেই ছবি দেন লেভানদোভস্কি।
ম্যাচ শেষে গ্যালারিতে থাকা জীবনসঙ্গীকে চুমু দিয়েও জয় উদযাপন করেন পোল্যান্ডের এই তারকা।
শনিবার নিজেদের মাঠে হানোভারকে ৪-০ গোলে হারায় বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তাতে আরিয়েন রবেনের মতো দুটি গোল করেন লেভাদোভস্কিও।
এ মৌসুমেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দেয়া লেভানদোভস্কির দুটি গোলই আসে প্রথমার্ধে।
ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন লেভানদোভস্কি। রাফিনিয়ার লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নেয়ার পর তার সামনে ছিলেন কেবল গোলরক্ষক।
৩৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। জেরদান শাচিরির বাড়ানো বল দারুণভাবে আয়ত্বে এনে গোলরক্ষককে বোকা বানান পোলিশ এই স্ট্রাইকার।
সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বায়ার্ন মিউনিখ।
