২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মুখোমুখি মেসি-রোনালদো

লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে সেরা কে – এই বিতর্কের পালে হাওয়া দিতে আসছে ফুটবল বিশ্বে আকাঙ্খিত একটি ম্যাচ। আগামী মাসে প্রীতি এই ম্যাচে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা আর রোনালদোর পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 09:13 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি হবে আগামী ১৮ নভেম্বর।

এর আগেই অবশ্য বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ক্লাসিকোতে দেখা হচ্ছে ফুটবল বিশ্বের বর্তমানের সেরা দুই তারকার। আর ক্লাবের হয়ে দুই ফরোয়ার্ডই আছে দারুণ ফর্মে। তবে জাতীয় দলের জার্সিতে দুই দলের অধিনায়কের লড়াইয়ে থাকবে ভিন্ন মাত্রা।

লা লিগায় প্রতিপক্ষ রোনালদোর বিপক্ষে লড়ার আগেই অবশ্য বার্সেলোনা সতীর্থ নেইমারের মুখোমুখি হতে হবে মেসিকে। আগামী ১১ অক্টোবর বেইজিংয়ে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর রোনালদো দ্বিতীয়বারের মতো ফিরবেন ওল্ড ট্র্যাফোর্ডে। এর আগে গত বছরের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গিয়েছিলেন রোনালদো।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন কার্লোস তেভেসও। ইউভেন্তুসের এই ফরোয়ার্ডকে দলে ফেরানো আভাস দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

ব্রাজিলের সঙ্গে খেলার তিন দিন পর হংকংয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নভেম্বরে পর্তুগালের বিপক্ষে খেলা ছাড়াও ইউরোপে আরেকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে দেশটির ফুটবল সংস্থা।