ভালেন্সিয়ায় বিধ্বস্ত আতলেতিকো
শিরোপা ধরে রাখার পথে বড় একটা ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। স্পেনের শীর্ষ লিগ লা লিগায় ভালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শিরোপাধারীদের হারিয়ে আপাতত শীর্ষে উঠে আসা ভালেন্সিয়ার পক্ষে একটি করে গোল করেন আন্দ্রে গোমেস ও নিকোলাস ওতামেন্দি। স্বাগতিকদের অন্য গোলটি মিরান্দার আত্মঘাতী। আতলেতিকোর ব্যবধান কমানো গোলটি করেন মারিও মানজুকিচ।
শনিবার ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে আতলেতিকো। মিরান্দা আর মিগুয়েল আনহেল ময়ার ভুল বোঝাবুঝির কারণে গোল খেতে হয় অতিথিদের।
বারাগানের শট এগিয়ে এসে লুফে নিতে চেয়েছিলেন আতলেতিকোর গোলরক্ষক ময়া। তবে তার আগেই ডিফেন্ডার মিরান্দা বলের কাছে পৌঁছে যান। আর তার হেড গড়িয়ে জালে চলে গেলে কিছুই করার ছিল না ময়ার।
পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ভালেন্সিয়া। গোমেসকে এক ঝাঁক ডিফেন্ডার ঘিরে রেখেছিলেন। তাদের ফাঁকি দিয়ে কোনাকুনি শটে অতিথিদের জাল খুঁজে নেন তিনি।
১৩তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন ওতামেন্দি। পাবলো পিয়াত্তির কর্নার থেকে হেডে ময়াকে পরাস্ত করেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার।
পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে দিয়েগো সিমেওনের শিষ্যরা। অবশেষে ২৯তম মিনিটে আসে সাফল্য।
চিয়াগোর শট ঝাঁপিয়ে কোনোমতে রক্ষা করেছিলেন ভালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেস। সেখান থেকে বল পেয়ে যান মারিও মানজুকিচ। সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি বায়ার্ন মিউনিখ থেকে আতলেতিকোয় যোগ দেয়া এই স্ট্রাইকার।
প্রথমার্ধের শেষ দিকে ডি বক্সে ওতামেন্দি তুরানকে ফাউল করলে পেনাল্টি পায় আতলেতিকো। তবে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেননি গিলহেরমে সিকেইরা।
দ্বিতীয়ার্ধে রক্ষণে মনোযোগী হয়ে উঠে ভালেন্সিয়া। আর তাদের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি অতিথিদের। তাই লা লিগায় প্রথম হার এড়ানো সম্ভব হয়নি আতলেতিকোর।
যোগ করা সময়ে আলেস্সিও চেরচি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় আতলেতিকো।
