২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবেন, লেভানদোভস্কির গোলে বায়ার্নের জয়

আরিয়েন রবেন ও রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে জার্মান শীর্ষ লিগে সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে হানোভারকে ৪-০ গোলে হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 10:01 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন লেভানদোভস্কি। রাফিনিয়ার লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নেয়ার পর তার সামনে ছিলেন কেবল গোলরক্ষক।

ডাচ উইঙ্গার রবেনের চমৎকার একক নৈপুণ্যে ১৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। বল পায়ে কিছুটা এগিয়ে হানোভারের দুই ডিফেন্ডার আসার আগেই চমৎকার শটে গোলরক্ষককে ফাঁকি দেন রবেন।

২০তম মিনিটে অবিশ্বাস্য একটি গোল প্রায় করেই ফেলেছিলেন চাবি অলোনসো। হানোভার গোলরক্ষকে একটু এগিয়ে থাকতে দেখে নিজেদের সীমানার অনেক ভেতর থেকে শট মেরেছিলেন রিয়াল মাদ্রিদ থেকে আসা এই মিডফিল্ডার। লাফিয়ে উঠে বলে হাত লাগিয়ে কর্নারের বিনিময়ে কোনোমতে দলকে এ যাত্রা রক্ষা করেন গোলরক্ষক রন-রবের্ট জিলা।

৩৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। জেরদান শাচিরির বাড়ানো বল দারুণভাবে আয়ত্বে এনে গোলরক্ষককে বোকা বানান এ মৌসুমেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দেয়া পোলিশ এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করার জন্য গোলের দুটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। তাকে একবার বঞ্চিত করেন মার্সেলো; আরেকবার বল ঠেকান গোলরক্ষক।

অপ্রতিরোধ্য রবেনের দ্বিতীয় গোলটিও অসাধারণ। ৭০তম মিনিটে বল নিয়ে দৌড়ে এসে কোনাকুনি শটে গোল করেন নেদারল্যান্ডসের এই ফুটবলার। ম্যাচে ‘ট্রেডমার্ক’ দৌড়ে গোলের বেশকিছু সুযোগ তৈরি করেন তিনি।

এই জয়ে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো বায়ার্ন মিউনিখ।

অন্য ম্যাচে শালকের কাছে ২-১ গোলে হেরে গেছে গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড। তিনটি গোলই হয় প্রথমার্ধে।

ম্যাচের ২৩ মিনিটের মধ্যে জোয়েল মাতিপ ও ম্যাক্সিম এরিক চুপো-মতিংয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় শালকে। ২৬তম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড। সাত ম্যাচে শালকের পযেন্ট ৮ আর ডর্টমুন্ডের পয়েন্ট ৭।