২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কস্তাকে স্পেন দলে রাখলেন বস্ক

ইউরো ২০১৬-এর বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য স্পেন দলে চেলসির দিয়েগো কস্তাকে রেখেছেন ভিসেন্তে দেল বস্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 07:55 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমের শুরুটা দারুণভাবে করেন ব্রাজিলে জন্ম নেয়া কস্তা। লিগে ৬ ম্যাচে ৮ গোল করেন আতলেতিকো মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার। তবে মৌসুমের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি।

চোট পাওয়া কস্তাকে ২৩ সদস্যের দলে রাখা নিয়ে স্বাভাবিক কারণেই কথা উঠেছে। দল ঘোষণার সংবাদ সম্মেলনে এর উত্তরও দিতে হলো স্পেনের কোচ দেল বস্ককে।

“কস্তা ভালো অবস্থায় আছে বলেই আমরা দলে নিয়েছি। সে সব ম্যাচই খেলছে।”

২৫ বছর বয়সী কস্তা আতলেতিকোর পর চেলসির হয়ে দারুণ ফর্মে আছেন এবং গোল করে যাচ্ছেন। তবে স্পেনের হয়ে খেলা ৫ ম্যাচের একটিতেও গোল পাননি তিনি।

স্পেনের ইউরো বাছাইয়ের আগামী ম্যাচ দুটি স্লোভাকিয়া ও লাক্সেমবার্গের বিপক্ষে খেলবে।

স্পেন দল:

গোলরক্ষক: ইকের কাসিয়াস (রিয়াল মাদ্রিদ), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কিকো কাসিয়া (এসপানিওল)।

ডিফেন্ডার: জরদি আলবা (বার্সেলোনা), রাউল আলবিওল (নাপোলি), সেসার আসপিলিকুয়েতা (চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা), হুয়ান বের্নাত (বায়ার্ন মিউনিখ)।

মিডফিল্ডার: সের্হিও বুসকেতস (বার্সেলোনা), সান্তি কাসোরলা (আর্সেনাল), সেস ফাব্রেগাস (চেলসি), আন্দের ইতুরাসপে (আথলেতিক বিলবাও), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), কোকে (আতলেতিকো মাদ্রিদ), রাউল গার্সিয়া (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রো (বার্সেলোনা)।

ফরোয়ার্ড: দিয়েগো কস্তা (চেলসি), রদ্রিগো (ভালেন্সিয়া), পাকো আলকাসের (ভালেন্সিয়া)।