২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর আশীর্বাদের চোট!

ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপ কাটিয়ে আসার পর রিয়াল মাদ্রিদে মৌসুমের শুরুতেও নিষ্প্রভই ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ দুটি ম্যাচ বলছে আবার চেনা রূপে ফিরেছেন পর্তুগালের অধিনায়ক। এর রহস্য উন্মোচন করেছেন তারকা ফরোয়ার্ড। চোটের কারণে মাঠের বাইরে থাকায় বিশ্রাম পেয়েছেন বলেই এভাবে সতেজ হয়ে উঠেছেন বলে জানান রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 05:43 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

লা লিগার সবশেষ দুই ম্যাচে ৭ গোল করেন রোনালদো। গত শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে হ্যাটট্রিকের পর মঙ্গলবার এলচের জালে ৪ গোল করেন তিনি। ৯ গোল করে এ পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতাও রোনালদোই।

অসাধারণ এই পারফরম্যান্সের পর স্বরূপে ফেরার রহস্য জানান রিয়াল মাদ্রিদ তারকা।

“আমার কার্যকর ছুটির দরকার ছিল। ১২ বছরের ক্যারিয়ারে সবসময়ই প্রাক-মৌসুম ব্যস্ততা ছিল আমার। কিন্তু গত মৌসুমের শেষ দিকে সমস্যা থাকায় এ বছর প্রাক মৌসুমে আমি ব্যস্ত থাকতে পারিনি।”

২ ম্যাচে ৫ দিনের মধ্যে ৭ গোল পাওয়ায় বিষয়টির প্রতিফলন ছিল বলেও মনে করেন তিনি।

“ম্যাচহীন ওই দিনগুলো আমার জন্য খুব ভালো কাজ দিয়েছে। আমি অনুশীলন করেছি, বিশ্রাম নিয়েছি এবং সেরে উঠেছি। এই গোলগুলোয় আমার কাজের প্রতিফলন ছিল।”

গত মৌসুমের শেষ দিকে চোট খুব ভোগায় রোনালদোকে। বিশ্বকাপের সময়েও হাঁটুর চোটে ভোগেন পর্তুগালের সবচেয়ে বড় তারকা। চোট কাটিয়ে ফিরে এসে মৌসুম শুরু করেন। তবে আবার চোটে পড়েন রোনালদো।

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ তাকে চোটের কারণে বিশ্রাম দেয়। পর্তুগালের কোচও ইউরো ২০১৬ বাছাইয়ের ম্যাচে তাকে বিশ্রাম দেন।

আন্তর্জাতিক আর ক্লাব ফুটবলে কিছুটা বিশ্রাম পেয়ে নিজের আসল চেহারায় ফেরেন রোনালদো। ২৯ বছর বয়সী তারকা নিজের পারফরম্যান্সে নিজেই অভিভূত।

“আমি যত দূর মনে করতে পারি, কখনোই ৫ দিনের মধ্যে ৭ গোল করিনি।”

লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ; রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষরা একটু নড়েচড়ে বসতে পারেন। রোনালদো নিজেই জানিয়েছেন, তার রুদ্ররূপের কেবল শুরু হলো।

“প্রতিদিনই আমি নিজেকে আরো গতিময় অনুভব করছি এবং ক্রমান্বয়ে ছন্দ ফিরে পাচ্ছি।”