ব্রাজিলের মিরান্দার গোলে রক্ষা আতলেতিকোর
আলমেরিয়ার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের নায়ক ব্রাজিলের ডিফেন্ডার মিরান্দা।
বুধবার চোট পাওয়া স্ট্রাইকার মারিও মানজুকিচকে ছাড়াই খেলতে নেমেছিল আতলেতিকো। আক্রমণভাগে তাই তেমন গতি ছিল না প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে ক্রমাগত আক্রমণ চালিয়ে শেষে একটি গোল তুলে নেয় দিয়েগো সিমেওনের দল।
ম্যাচের ৬০তম মিনিটে কোকের কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান মিরান্দা।
লা লিগার গত ম্যাচে ড্রয়ের পর আবার জয়ে ফিরল আতলেতিকো। রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে লিগ শুরু করে তারা। পরের দুই ম্যাচে এইবার আর রিয়ালকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি। কিন্তু গত শনিবার ঘরের মাঠে সেলতা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে আবার পয়েন্ট হারায় গত মৌসুমে চমক জাগানো দলটি।
