২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারের রেকর্ড ছুঁয়ে জয় লিভারপুলের

টাইব্রেকারের রেকর্ড ছোঁয়া জয় নিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। ১২০ মিনিটের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর মিডলসবরোকে টাইব্রেকারে ১৪-১৩ ব্যবধানে হারায় 'অল রেড' নামে পরিচিত দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 04:29 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার টাইব্রেকারে দুই দল ৩০টি শট নেয়। মিডলসবরোর উইঙ্গার আলবার্ট অ্যাডোমাহ গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এর আগে ২০১১ সালে ফুটবল লিগ ট্রফিতে ডাগেনহ্যাম ও রেডব্রিজের ম্যাচে টাইব্রেকারের স্কোরলাইন ছিল ১৪-১৩।

নিজেদের মাঠে ক্যাপিটাল ওয়ান কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় লিভারপুল। দশম দলকে এগিয়ে দেয়া গোলটি করেন অভিষিক্ত জর্ডান রসিটার।

দ্বিতীয়ার্ধে দারুণ এক হেড থেকে গোলটি শোধ দেন মিডলসবরোর অ্যাডম রিচ। দুই দলের পরের দুটি গোল হয় অতিরিক্ত সময়ে।

এরপরই শুরু হয় টাইব্রেকার রোমাঞ্চ। এক পর্যায়ে টাইব্রেকারে টানা ২০টি গোল করে দুই দল। এমনকি চাপের মধ্যে নিজেদের স্নায়ু ঠিক রেখে নিজেদের শট থেকে গোল করেন দুই দলেরই গোলরক্ষক।

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।