অনুশীলনে ফিরলেন রোনালদো
লা লিগার গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য বড় একটা সুখবর, দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
প্রায় দুই সপ্তাহ পর বুধবার ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন রোনালদো।
আগামী শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নবেউয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলবে গতবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল।
গত মৌসুমের শেষ দিকে চোটের কারণে ক্লাবের বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রোনালদো। পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেললেও গত মাসে স্পেনের সুপার কাপের ম্যাচে ফের পায়ের পেশিতে চোট পান ইউরোপ সেরার পুরস্কার জেতা এই ফুটবলার। পরে রোনালদো জানান, পুরোপুরি সুস্থ না হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও বিশ্বকাপ খেলেছিলেন তিনি।
এবার তাই আর কোনো ঝুঁকি নিতে চাননি রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি; গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে রোনালদোকে খেলাননি তিনি। সোসিয়েদাদের মাঠে ৪-২ গোলে হেরে যায় রোনালদোবিহীন রিয়াল।
