২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের কষ্টের জয়

বিশ্বকাপের হতাশা ভুলে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। নিজ দেশের টুর্নামেন্টের ব্যর্থতা ঝেড়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দুঙ্গার দল। তবে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে একমাত্র গোলে জয় মন ভোলাতে পারেনি সমর্থকদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 09:07 AM

Updated : 13 Oct 2022, 12:33 PM

চার দিন আগে মায়ামিতে প্রথম ম্যাচে নেইমারের জাদুতে একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছিল ব্রাজিল। দলকে আরেকটু গুছিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন দুঙ্গা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আরো বেশি কিছু প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু অনেকটা কষ্ট করেই জিততে হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

যুক্তরাস্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) চেলসির মিডফিল্ডার উইলিয়ানের প্রথমার্ধের গোলটিতেই তুষ্ট থাকতে হয় নেইমারদের।

প্রথমার্ধে এগিয়ে ছিল গত বিশ্বকাপের আয়োজক দেশটিই। বার্সেলোনার তারকা নেইমার প্রতিপক্ষের জন্য সবসময়ই হুমকি হয়ে ছিলেন। তবে ব্রাজিলের সামনে সত্যিকারের সুযোগ এসেছিল প্রথমার্ধের মাঝামাঝি সময়ে। তীব্র গতিতে দুইজন ডিফেন্ডারকে পেছনে ফেলে ডিবক্সে ঢুকেই শট নিয়েছিলেন নেইমার, তবে বল একটুর জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

২৭ তম মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক নিয়েছিলেন নেইমার। আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোল পেয়েছিলেন, এবার বল চলে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে।

তবে ম্যাচের ৩১তম মিনিটে কাঙ্খিত গোলটি আসে সেটপিস থেকেই। অনুশীলনে বার বার চর্চা করার ফল এ ধরণের গোল। ফ্রিকিক থেকে অস্কার বল দেন নেইমারকে; ব্রাজিল অধিনায়কের বুদ্ধিদীপ্ত পাস ফাঁকায় দাঁড়ানো উইলিয়ানকে খুঁজে নেয়। সেখান থেকে গোলরক্ষককে ফাঁকি দিতে কোনো সমস্যা হয়নি চেলসি মিডফিল্ডারের।

তবে খানিক বাদেই সমতায় আসতে পারতো ইকুয়েডর। দুর্ভাগ্য দুই অর্ধেই ভালো খেলা এনের ভালেন্সিয়ার দূরপাল্লার শট গোলরক্ষক জেফারসনকে পরাস্ত করলেও গোলপোস্টের গোড়ায় লেগে বল ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সহজতম গোলের সুযোগ নষ্ট করেন নেইমার। দানিলোর নীচু ক্রস একেবারে ফাঁকা গোলের সামনে নেইমারের কাছে এসেছিল। খুব কাছ থেকে তিনি বলে পা ছোঁয়ালেও তা ক্রসবারে লেগে ফিরে আসে।

৬২তম মিনিটে ফেলিপে লুইস বাঁচান ব্রাজিলকে, গোললাইন থেকে ফিরিয়ে দেন এনের ভালেন্সিয়ার হেড।

৭৭তম মিনিটে দেশের হয়ে ৩৭তম গোলটি প্রায় পেয়েই গিয়েছিলেন নেইমার। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে বাঁ দিক থেকে মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন। তবে ডমিনগেস শেষ মুহূর্তে বলে আঙুল লাগান। ৮২তম মিনিটে একেবারে ডিবক্সের সামনে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন নেইমার। তবে বল দেয়ালে প্রতিহত হয়ে মাঠের বাইরে চলে যায়। দুই পাশে নেইমার ও উইলিয়ানকে রেখে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় দিয়েগো তারদেলিকে আবারও খেলিয়েছেন দুঙ্গা। কিন্তু স্ট্রাইকারের ভূমিকায় ব্যর্থই ছিলেন আতলেতিকো মিনেইরোর এই খেলোয়াড়। অন্যরাও গোল করার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি বলে ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিল দলকে।