২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলব্যাকের জোড়া গোলে ইংল্যান্ডের জয়

জয় দিয়েই ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু করেছে ইংল্যান্ড। এতে বড় অবদান ড্যানি ওয়েলব্যাকের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 04:05 AM

Updated : 13 Oct 2022, 12:33 PM

সোমবার ‘ই’ গ্রুপের খেলায় সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আর্সেনালে যোগ দেয়া ওয়েলব্যাক দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে।

ইংল্যান্ডের অধিনায়ক ওয়েইন রুনি শুরুতে দুটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। একবার তার দ্বিধার সুযোগ নিয়ে বল বিপদমুক্ত করেন সুইজারল্যান্ডের একজন খেলোয়াড়। দ্বিতীয়বার গোলরক্ষক ইয়ান সোমারের দৃঢ়তায় বেঁচে যায় স্বাগতিকরা।

সাফল্য পেতে ওয়েলব্যাক ও রাহিম স্টার্লিং সুইজারল্যান্ডের রক্ষণভাগে ওপর চাপ অব্যাহত রাখেন। কিন্তু স্বাগতিকদের জমাটরক্ষণ কিছুতেই ভাঙা সম্ভব হচ্ছিল না তাদের।

রক্ষণভাগকে ফাঁকি দিতে পারলেও সোমারকে ফাঁকি দিতে পারছিলেন না রুনি, ফিল জোনসরা। অন্তত দুবার এই দুজনকে হতাশ করেন সুইজারল্যান্ডের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণ দিয়ে জমে উঠে খেলা। এসময় জেরদান শাচিরির পাস থেকে হ্যারিস সেফেরোভিচের শট থেকে কোনোমতে দলকে বাঁচান জো হার্ট।

অবশেষে ৫৯তম মিনিটে ওয়েলব্যাকের গোলে এগিয়ে যায় রয় হজসনের দলটি। স্টার্লিংয়ের পাস থেকে বল বাড়ান রুনি। সুবিধাজনক জায়গায় বল পাওয়া ওয়েলব্যাক সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি।

পিছিয়ে পড়ার পর আরো মরিয়া হয়ে উঠে সুইজারল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি তারা। বরং যোগ নির্ধারিত সময়ের শেষ মিনিটে ওয়েলব্যাকের দ্বিতীয় গোলে পরাজয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

‘ই’ গ্রুপের অন্য ম্যাচে লিথুনিয়া ২-০ সান মারিনোকে আর স্লোভেনিয়া ১-০ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে।