যেখানে রোনালদোর ওপরে মেসি
বছরের গোড়ার দিকে লিওনেল মেসিকে হারিয়ে ফিফা ব্যালন ডি'অর জেতেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে আরেকটা জায়গায় রিয়াল মাদ্রিদের তারকাকে হারিয়ে দিলেন বার্সেলোনার 'জাদুকর' মেসি।
ভিডিও গেম ফিফা ফিফটিনে খেলোয়াড় রেটিংয়ে সবার ওপরে রাখা হয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে। ১০০ পয়েন্টের মধ্যে ৯৩ দেয়া হয়েছে চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসিকে।
তবে মেসি-রোনালদোর লড়াইটা এখানেও হাড্ডাহাড্ডি। মাত্র ১ নম্বরের জন্য দ্বিতীয় হন রোনালদো। পর্তুগালের অধিনায়ক ১০০ পয়েন্টে পান ৯২।
৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন নেদারল্যান্ডস ও বায়ার্ন মিউনিখের তারকা আরিয়েন রবেন।
২৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বাজারে ছাড়া হবে ইএ স্পোর্টসের তৈরি গেমটি।
গত এক বছরে লিগ আর কাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই রেটিংটা করেছেন জনপ্রিয় সব গেমসের নির্মাতা প্রতিষ্ঠানটি।
পিএসজির স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার আছেন চতুর্থ ও পঞ্চম স্থানে। তবে এই দুজনের রেটিংও রবেনের সমান, ৯০।
