গ্রুপ পর্বেই মুখোমুখি আবাহনী, মোহামেডান
অনূর্ধ্ব-১৮ এয়ারটেল ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই আসরের সূচি ঘোষণা করে।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব অংশ না নেয়ায় ৯ দল নিয়ে ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের আসর। এই আসরে অংশ না নেয়া শেখ জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বাফুফে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “অংশগ্রহন ফি কম মনে হওয়ায় তারা অংশ নিচ্ছে না। আমরা বাইলজ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি ভাবছি। কেননা এই আসরে ক্লাবগুলোর অংশ নেয়া ছিল বাধ্যতামূলক।”
শেখ রাসেল ক্রীড়া চক্র, বিজেএমসি, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড- এই চার দল নিয়ে হয়েছে ‘এ’ গ্রুপ।
‘বি’ গ্রুপের পাঁচ দল আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ফেনী সকার, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তরা বারিধারা।
১৩ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও বিজেএমসি। একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। আবাহনী-মোহামেডান ম্যাচ পরের দিন।
২৭ সেপ্টেম্বর প্রথম সেমি-ফাইনাল এবং পরের দিন দ্বিতীয় সেমি-ফাইনাল হবে। ৩০ সেপ্টেম্বর হবে ফাইনাল। সবগুলো ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
