জয় দিয়ে শুরু জার্মানির
আর্জেন্টিনার কাছে প্রীতি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠেছে জার্মানি। জয় দিয়েই ইউরো ২০১৬ এর বাছাই পর্ব শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। টমাস মুলারের নৈপুণ্যে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।
রোববার জার্মানির জয়ে দুই অর্ধে একটি করে গোল করেন মুলার। স্কটল্যান্ডের আশা জাগানো গোলটি করেন ইকেচি এনিয়া।
ডর্টমুন্ডে ‘ডি’ গ্রুপের খেলায় অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন মুলার। কিন্তু সেবার তার হেড লক্ষ্যে থাকেনি। ১৮তম মিনিটে আর হতাশ হতে হয়নি বায়ার্ন মিউনিখ তারকার। এবার ঠিকই অতিথিদের জাল খুঁজে পান তিনি।
প্রথমার্ধের শেষ দিকে দুটি দারুণ সুযোগ হাতছাড়া করে স্কটল্যান্ড। প্রথমবার এগিয়ে এসে দলকে রক্ষা করেন বিশ্বকাপের সেরা গোলরক্ষক মানুয়েল নয়ার। আর দ্বিতীয়বার এনিয়ার দুর্বল শট ফেরাতে কোনো সমস্যা হয়নি তার।
