সামার অ্যাথলেটিকসে শিরিন-শরিফুলের দিন
সামার অ্যাথলেটিকসে ২০০ মিটার স্প্রিন্টে ট্র্যাকে দাপট দেখিয়েছেন শরিফুল ইসলাম ও শিরিন আক্তার।
রোববার প্রথম দিনের খেলায় ছেলেদের ২০০ মিটারে নৌবাহিনীর মেজবাহ আহমেদ ও আবু রায়হান মুসাফাকে পেছনে ফেলে সোনা জেতেন সেনাবাহিনীর শরিফুল। ২১.৩০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি।
মেয়েদের ২০০ মিটারে সোনা জেতেন নৌবাহিনীর শিরিন। সেনাবাহিনীর সামছুন নাহার চুমকি ও সুমিতা ঘোষকে পেছনে রেখে সেরা হয়েছেন শিরিন। ২৫.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি।
১০০ মিটার হার্ডলসে জেসমিন আক্তার সোনা জেতেন। বাংলাদেশ জেলের সুমিতা রানী ও বিজেএমসির মারুফা খাতুন রূপা ও ব্রোঞ্জ জেতেন।
ছেলেদের ৪*১০০ মিটার রিলেতে সেনাবাহিনী ও আনসার ভিডিপিকে হারিয়ে সোনা জয় করে নৌবাহিনী।
মেয়েদের বিভাগে সোনা পায় সেনাবাহিনীর সামসুন নাহার চুমকি, জেসমিন আক্তার, সাজনীন রহমান ও সুষমিতা ঘোষ।
৪০০ মিটার হার্ডলসে (পুরুষ) বাংলাদেশ নৌবাহিনীর আলমগীর হোসেন সোনা অর্জন করেন।
ডিসকাস থ্রোতে সেনাবাহিনীর কমল কান্ত রায় (৪০.০৭ মিটার) সেরা হন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির আইরিন আক্তার ৫.৪১ মিটার অতিক্রম করে জেতেন মেয়েদের লং জাম্পের সোনা।
ছেলেদের হাই জাম্পের সোনা পান সেনাবাহিনীর (১.৯৫ মিটার) মো. সোহেল।
জ্যাভলিন থ্রোর সোনা জেতেন সেনাবাহিনীর রাশেদুজ্জামান। ৬১.৫৪ মিটার দূরে বর্ষা নিক্ষেপ করেন তিনি।
শটপুটে বিজেএমসির মেয়ে হাজেরা আক্তার (১০.১৮ মিটার), ডিসকাস থ্রোয়ে (মহিলা) নৌবাহিনীর জাফরিন আক্তার (৩৪.০৪ মিটার) সোনা জয় করেন।
৮০০ মিটার দৌড়ে মেয়েদের বিভাগে বিজেএমসির সুমি আক্তার ও ছেলেদের বিভাগে কামরুল হাসান সেরা হন।
৫ হাজার মিটার দৌড়ে সেনাবাহিনীর জামরুল ইসলাম ও ৩০০০ মিটারে মেয়েদের বিভাগে নৌবাহিনীর মেরুনা আক্তার সোনা জেতেন।
১২তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনের খেলা হবে সোমবার।
