হংকংকে হারালেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
হকি ওয়ার্ল্ড লিগের প্রথম পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে রোববার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
অধিনায়ক মামুনুর রহমান চয়ন প্রথম ম্যাচের ভুলগুলো হংকংয়ের বিপক্ষে শুধরে নিতে চান।
“শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ভালো খেললেও শেষ দিকে কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে পারিনি। আশা করি হংকংয়ের বিপক্ষে তা হবে না। আজ (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষের ওদের (হংকং) ম্যাচটি দেখেছি। কিছু ফাঁক-ফোঁকর বের করেছি। সেগুলো কাজে লাগিয়ে জয় তুলে নিতে চাই আমরা।”
শনিবার হংকংকে ৬-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কা।
প্রথম পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বড় জয়ে চয়ন-খোরশেদদের জন্য সমীকরণটা একটু কঠিন হয়ে গেছে।
হংকংয়ের কাছে বাংলাদেশ হারলে তিন দলের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গোল পার্থক্যের হিসেবে সেরা দল নির্ধারিত হবে। গোল ব্যবধান সমান হলে দলগুলোর মুখোমুখি লড়াইয়ের ফল থেকে নির্ধারণ করা হবে- কোন দল পাবে দ্বিতীয় পর্বের টিকিট।
অর্থাৎ হংকংকে হারাতে পারলে মুখোমুখি লড়াই বা গোল ব্যবধানের হিসেবে বসা লাগবে না নাভিদ আলমের ছাত্রদের।
সাধারণ নিয়মে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ড্র হলেই চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কোনো ম্যাচের নির্ধারিত সময় সমতায় শেষ হলে টাইব্রেকারে বিজয়ী নির্ধারিত হবে।
