দি মারিয়ার চাহিদা মেটাতে পারেনি রিয়াল!
আনহেল দি মারিয়ার রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া নিয়ে অনেক কথাই হয়েছে। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে ছাড়ার কারণ জানিয়েছেন স্পেনের লা লিগার ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। বিশ্বকাপে আলো ছড়ানো এই তারকার বেতনের চাহিদা নাকি মেটাতে পারছিল না তারা।
দি মারিয়ার জাদুতে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলে জেতে মেসিবিহীন আর্জেন্টিনা। এরপর রিয়াল মাদ্রিদ সমর্থকদের দি মারিয়াকে হারানোর আক্ষেপ আরো বাড়ে।
শুক্রবার ক্লাবের ২০১৩-১৪ মৌসুমের অর্থনৈতিক অবস্থা জানানোর সময় দি মারিয়ার চলে যাওয়া প্রসঙ্গে কথা বলতে হয় পেরেসকে। সেখানেই তিনি কারণটি জানান।
“তার আর্থিক চাহিদা আমরা মেটাতে পারতাম না। আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রস্তাবটা দিয়েছিলাম এবং সে সেটা গ্রহণ করেনি।”
দি মারিয়ার চাহিদাটা কোন পর্যায়ের ছিল আর রিয়াল মাদ্রিদই বা তাকে কেমন ধরণের প্রস্তাব দিয়েছিল, সেটা বোঝাতে ক্রিস্তিয়ানো রোনালদোর উদাহরণ টেনে আনেন পেরেস।
“আমরা যাকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে জানি, সেই রোনালদো ছাড়া আর কোনো খেলোয়াড়েরই ওই পর্যায়ের আয় নেই।”
দি মারিয়ার আর্থিক চাহিদা মেনে নিলে অন্য খেলোয়াড়দের জন্য তা অন্যায্য হতো এবং ক্লাবের আর্থিক ভারসাম্যই ঝুঁকির মুখে পড়ত বলেও মন্তব্য করেন পেরেস।
দি মারিয়া রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেয়ার পরই রিয়াল মাদ্রিদ নতুন খেলোয়াড় দলে টানার কথা ভাবে এবং হামেস রদ্রিগেসের সঙ্গে চুক্তি করে বলে জানান ক্লাবের সভাপতি।
ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান দি মারিয়া।
