রেফারিকে হাসপাতালে পাঠিয়ে নিষিদ্ধ ৭০ ম্যাচ
অস্ট্রিয়ার এক ফুটবলারকে ইতিহাসের অন্যতম দীর্ঘ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ৭০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
তবে ঘটনাটি শুনলে পঞ্চম বিভাগের দল এসকে রামের খেলোয়াড় ইসমাইল গুন্দুসের শাস্তিটাকে খুব কঠোর মনে হবে না।
এসপিএলজি ইনসব্রুকের বিপক্ষে খেলার ৮৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাঠ ছাড়ার আদেশ পান গুন্দুস। সে সময়ে তার দল ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল।
ক্ষুব্ধ গুন্দুস রেফারির দিকে ঘুরে, তার মুখে মাথা দিয়ে গুতো মারেন। তীব্র আঘাতে রেফারি ঠোঁট ফেটে রক্ত ঝরতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ম্যাচ বাতিল করা হয়।
স্থানীয় একটি পত্রিকা জানায়, ২৬ বছর বয়সী গুন্দুসকে বহিস্কার করেছে ২৫৭ ইউরো জরিমানার মুখে পড়া এসকে রাম।
স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশনের শৃঙ্খলা কমিটির প্রধান জানান, তাদের জানামতে ৭০ ম্যাচের নিষেধাজ্ঞার কোনো নজির নেই। তবে গুরুতর অপরাধটির বিবেচনায় শাস্তি ঠিকই আছে।
