২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদর কমছে ব্রাজিলের ফুটবলারদের

বিপুল সংখ্যক ফুটবলার তৈরির জন্য খ্যাতি আছে ব্রাজিলের। কিন্তু খেলোয়াড় গড়ে তোলার ধারাটা হয় শুকিয়ে গেছে অথবা ইউরোপীয় ক্লাবগুলো আর ব্রাজিলিয়ানদের কদর করছে না। কারণ পরিসংখ্যান অনুযায়ী সম্প্রতি শেষ হওয়া দলবদলে ইউরোপের ক্লাবগুলোতে ব্রাজিল থেকে ফুটবলার যাওয়ার সংখ্যা অনেক কমে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 05:19 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

দল-বদলের জানালা বন্ধ হওয়ার আগে ব্রাজিল থেকে এবার ইউরোপের ক্লাবগুলোতে গেছে ১৭৮ জন ফুটবলার, যা ২০১১ সালে ফিফা দল-বদলের হিসেব রাখার শুরুর পর থেকে কোনো বছরে সবচেয়ে কম।

ফিফার তথ্য অনুযায়ী, এবার ব্রাজিল থেকে ইউরোপে যাওয়া বেশিরভাগ ফুটবলারই বিনা ট্রান্সফার ফিতে অথবা ধারে গিয়েছেন। বাকি ফুটবলারদের বিক্রি করে ব্রাজিলের ক্লাবগুলো আয় করে ৬ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের প্রায় এক তৃতীয়াংশ।

সাম্প্রতিক বছরগুলোর মতো নেইমার, লুকাস সিলভা ও অস্কারের মতো কোনো বড় ফুটবলার এবার ব্রাজিল থেকে ইউরোপে পা রাখেনি। এ বছর ব্রাজিল থেকে সবচেয়ে বেশি দামে কেনা খেলোয়াড়ের মূল্য ১ কোটি ইউরো। বোটাফোগোর ১৯ বছর বয়সী সেন্টার-ব্যাক দোরিয়ার জন্য এই অর্থ ব্যয় করে অলিম্পিক মার্শেই।

ক্রীড়া পরিসংখ্যানবিদ ও কলাম লেখক পাওলো ভিনিসিয়াস কোয়েলিয়ো গত রোববার ফোলহা দে এস পাওলো পত্রিকায় লেখেন, “ব্রাজিলের ক্লাবগুলোর জন্য গত ৩০ বছরের মধ্যে এটা সবচেয়ে বাজে দল-বদলের বাজার।”

বিশেষজ্ঞরা এর জন্য বিশেষ কিছু কারণ বের করেন।

বিশ্বকাপে চরম হতাশার পর স্বাভাবিক মানের চেয়ে খারাপ অবস্থায় থাকা ব্রাজিলের ফুটবলে এখন খুব কমই প্রতিভাবান ফুটবলার আছে। আর বিশ্বকাপে ব্রাজিলের খুব কম ফুটবলারই বিশ্ববাসীর নজর কাড়তে পেরেছে। ফলে ইউরোপের ক্লাবগুলোর কোচরা তাদের দলে টানতে তেমন আগ্রহ দেখাননি। অনেকে আবার ব্রাজিলের ফুটবলারদের বড় বাজার রাশিয়া ও ইউক্রেনের ফুটবল বাজারের অস্থিতিশীল অবস্থাকেও কারণ হিসেবে দেখছেন।

নেইমার, লুকাস ও দোরিয়ার মতো ফুটবলারদের আইনজীবী হিসেবে কাজ করা মার্কোস মত্তা মনে করেন, ব্রাজিলের ঘরোয়া লিগেই এখন ভালো মানের খুব বেশি ফুটবলার নেই।

তবে এ বছর ব্রাজিল থেকে ফুটবলার রপ্তানি কমলে কি হবে, সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু ফুটবল পাগল দেশটিই এগিয়ে।

ফিফার ট্রান্সফার ম্যাচিং সিস্টেমের তথ্য অনুযায়ী ২০১১ সাল থেকে এ মৌসুমের দলবদল শুরু হওয়ার আগ পর্যন্ত বিশ্বে ব্রাজিলের ৫ হাজার ৫২৬ জন ফুটবলার ক্লাব বদল করেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি।