আর্জেন্টিনা কোচের মুখে নেই ‘প্রতিশোধ’
জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের আড়ালে ফুটবল বিশ্বে অনেকেই প্রতিশোধের গন্ধ পাচ্ছেন। তবে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো ম্যাচটিকে সেভাবে দেখছেন না।
ডুসেলডর্ফে জার্মানি-আর্জেন্টিনা ম্যাচটি বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
এই ম্যাচের আগে মঙ্গলবার ডুসেলডর্ফে এক সংবাদ সম্মেলনে মার্তিনো প্রতিশোধ শব্দটি উড়িয়ে দিলেন।
“প্রথমেই বলতে হয়, কয়েক মাস আগে কি হয়েছে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই।”
এই প্রীতি ম্যাচে জিতলে বা ম্যাচটি ড্র হলে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার হতাশা কমবে বলে মনে করেন না তিনি।
গত ১৩ জুলাই বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে একমাত্র গোলে জিতে চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের উচ্ছ্বাস করে জার্মানি।
বিশ্বকাপ শেষে সাবেক কোচ আলেহান্দ্রো সাবেইয়ার জায়গায় দায়িত্ব পান মার্তিনো। জার্মানির বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে বার্সলোনার সাবেক এই কোচের। তবে দলের সেরা তারকা মেসিসহ প্রথম একাদশের ওই কয়েক জনকে পাচ্ছেন না তিনি।
চোটের কারণে দলের সঙ্গে থাকতে পারছেন না চারবারের ফিফা ব্যালন ডি'অর জেতা মেসি।
শুধু মেসিই নয়, চোটের কারণে ফরোয়ার্ড রদ্রিগো পালাসিও, ডিফেন্ডার এসেকিয়েল গারায় ও মিডফিল্ডার মাক্সি রদ্রিগেসকেও এই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা দল। পিঠের সমস্যার কারণে এসেকিয়েল লাভেজ্জির খেলা নিয়েও শঙ্কা আছে।
