২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পয়েন্ট হারালো ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার গণ্ডি থেকে বের-ই হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। হার দিয়ে লিগ শুরু করার পর দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 11:31 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

রোববার সান্ডারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ২০বারের লিগ চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরেছিল লুইস ফন গালের দল।

লিগের উদ্বোধনী দিনে ঘরের মাঠে ওই হারের পর প্রতিপক্ষের মাঠে রোববার শুরুটা ভালোই করেছিল ইউনাইটেড। ১৭তম মিনিটেই হুয়ান মাতার গোলে এগিয়ে যায় দলটি। গোলপোষ্টের খুব কাছ থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান স্পেনের এই ফরোয়ার্ড।

তবে অতিথিদের বেশিক্ষণ এগিয়ে থাকার স্বস্তিতে থাকতে দেয়নি স্বাগতিকরা। ১৩ মিনিট বাদেই কর্নার থেকে হেড করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান ইংল্যান্ডের মিডফিল্ডার জ্যাক রডওয়েল।

১-১ সমতায় দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও খুব একটা সুবিধে করতে পারছিল না ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির আক্রমণভাগ।

বাকি সময়ে লিগের সফলতম দলটি প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা মেলেনি। ফলে আরেকবার মাথা নীচু করেই মাঠ ছাড়তে হয় তাদের।