মারেকে হারিয়ে সেমিতে ফেদেরার
যুক্তরাষ্ট্রের সিনসিনাটি মাস্টার্সে ষষ্ঠ শিরোপা জয়ের দিকে আরেকধাপ এগিয়েছেন রজার ফেদেরার। সেমি-ফাইনালে উঠতে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন অ্যান্ডি মারেকে।
শেষ চারে দ্বিতীয় বাছাই ফেদেরার খেলবেন কানাডার মিলোস রায়োনিচের সঙ্গে। শুক্রবার সেমিতে ওঠার পথে রায়োনিচ হারান ইতালির ফাবিও ফগনিনিকে।
মেয়েদের এককের শেষ চারে উঠেছেন সেরা বাছাই সেরেনা উইলিয়ামস ও এবারের ফরাসি ওপেন জয়ী মারিয়া শারাপোভা। ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সেরেনা খেলবেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে আর শারাপোভার প্রতিপক্ষ সার্বিয়ার আনা ইভানোভিচ।
