২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিতেই থাকছেন আগুয়েরো

অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও আরো কয়েকজন সতীর্থের দেখানো পথেই হাটলেন সের্হিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি সই করেছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 04:23 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে সিটি জানায়, নতুন এই চুক্তির ফলে ২০১৯ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন ২৬ বছর বয়সী আগুয়েরো।

২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে আগুয়েরো সিটিতে আসার পর প্রতি মৌসুম শেষেই গণমাধ্যমে তার দল ছাড়ার গুঞ্জন ওঠে। তবে এবার সেসব উড়ো খবর মিথ্যে প্রমাণ করতে তিনি বলেন, “ওইসব খবর শুনেই মানুষ সেসব গুরুত্বের সঙ্গে নেয়। তবে ভক্ত ও সবাইকে নিশ্চিত করে বলছি, চুক্তি শেষ হওয়া পর্যন্ত আমি এখানেই থাকছি।”

ম্যানচেস্টার সিটিতে আসার প্রথম মৌসুমেই দলের হয়ে লিগ শিরোপা জেতেন আগুয়েরো। গত মৌসুমে আবারো তারা লিগ চ্যাম্পিয়ন হয়। তবে এতেই সন্তুষ্ট নন লাতিন আমেরিকার এই খেলোয়াড়।

“প্রতি বছরই আমি আগেরবারের চেয়ে ভালো করছি। গত মৌসুমটা ছিল অবিশ্বাস্য; কিন্তু দুটো প্রিমিয়ার লিগ শিরোপাতেই আমি সন্তুষ্ট নই। আমি আরো চাই এবং এখানে তা আমি অর্জন করতে পারবো”।