শুক্রবারই বার্সার অনুশীলনে সুয়ারেস
ফুটবলে সব ধরনের কার্যক্রম থেকে চার মাস নিষিদ্ধ থাকায় নতুন দল বার্সেলোনার সঙ্গে অনুশীলন করতে পারছিলেন না লুইস সুয়ারেস। লিভারপুল থেকে কেনা খেলোয়াড়টিকে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ায়ও বাধা ছিল বার্সেলোনার। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে সেই বাধা এবার দূর হয়ে গেল।
বৃহস্পতিবার সুয়ারেসের পক্ষে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলের রায় দেয় সিএএস। এতে শাস্তি কমানো হয়নি তারকা স্ট্রাইকারের। তবে বার্সেলোনার সঙ্গে অনুশীলনের সুযোগ করে দিয়েছে সেই রায়।
বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, শুক্রবার অনুশীলনের যোগ দেবেন সুয়ারেস। আর ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে ক্যাম্প নউয়ে সোমবার জন গাম্পার ট্রফির ম্যাচের দিন আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। এই অপরাধে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা।
বিশ্বকাপ শেষে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানো সুয়ারেস ওই শাস্তির বিরুদ্ধে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করলেও শাস্তি কমায়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
তারপরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
শুনানিতে অপরাধের তুলনায় সুয়ারেসের শাস্তি বেশি হয়েছে বলে যুক্তি দেখান আইনজীবীরা। তারা চার মাসের নিষেধাজ্ঞা কমানোর পক্ষে জোরালো যুক্তি দেখিয়েছিলেন। তাদের অন্যতম চাওয়া ছিল, শাস্তি চলাকালেও সুয়ারেস যেন বার্সেলোনার সঙ্গে অনুশীলন করতে পারেন।
