২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবলকে রিবেরির বিদায়

পরিবার ও ক্লাব বায়ার্ন মিউনিখকে আরো সময় দিতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ফ্রাঙ্ক রিবেরি। বুধবার জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপে খেলতে না পারা ফরাসি এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 11:19 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

জার্মানির একটি সাময়িকীকে ৩১ বছর বয়সী রিবেরি বলেন, "আমি এখানেই থামছি। আমি বুঝতে পারছি (আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের) সময় হয়েছে।"

জাতীয় দলে নতুন খেলোয়াড়দের জন্যে জায়গা ছেড়ে দিয়ে রিবেরি বলেন, "আমি আমার পরিবারের দিকে লক্ষ্য দিতে চাই এবং পূর্ণ মনোযোগে বায়ার্ন মিউনিখের হয়ে কাজ করতে চাই।"

দেশের হয়ে ৮১ ম্যাচে ১৬ গোল করা রিবেরি গত বছর ফিফা ব্যালন ডি'অর জয়ের দৌড়ে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন। তাছাড়া গত বছর ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার পান রিবেরি।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলে ছিলেন রিবেরি।