২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচের অপেক্ষায় বাফুফে

প্রস্তুতি ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এখনো অপেক্ষায় রেখেছে নেপাল। প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়ে বাফুফের পাঠানো চিঠির উত্তর এখনো দেয়নি দক্ষিণ এশিয়ার দেশটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 06:59 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে ভালো প্রস্তুতি নিয়েই যেতে চায় বাংলাদেশ ফুটবল দল। এর জন্য বিদেশের দলের সঙ্গে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা তাদের।

এই লক্ষ্যে নেপাল ও মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করে বাফুফে। চিঠি দেয়ার পাশাপাশি ফোনেও যোগাযোগ করে তারা। তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

নেপাল ও মালয়েশিয়ার কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় থাকা বাফুফে মাঝের সময়টাকে কাজে লাগাতে চায়। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোহাগ জানান, আগামী বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে সেনাবাহিনীর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইনচনে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস ২০১৪।