অধিনায়ক স্মিথ এখন পরিচালক
নতুন ভূমিকায় দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথকে। তিনি দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিচালক নিযুক্ত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।
৩৩ বছর বয়সী স্মিথ গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। হাঁটুর চোটের কারণে জুনে ইংলিশ কাউন্টি দল সারের সঙ্গে তিন বছরের চুক্তিও বাতিল করেন তিনি।
নভেম্বরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটারদের আনা হবে নতুন ভূমিকায় স্মিথের অন্যতম প্রধান দায়িত্ব।
স্মিথ জানান, এই সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। খেলাটিতে কিছু ফিরিয়ে দিতে অপেক্ষা করছেন তিনি।
“খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকায় খেলতে ভালোবাসে। সারা বিশ্বের আন্তর্জাতিক খেলোয়াড়দের আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট পছন্দ করার সম্ভাবনা রয়েছে।”
