১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বাঁচা-মরার লড়াইয়ে আগ্রাসী’ খেলবে বসনিয়া

কাতারের বিপক্ষে ম্যাচ সামনে রেখে, বসনিয়া ও হার্জেগোভিনা কোচ সের্গেই বার্বারেস বললেন, রক্ষণের চাদরে নিজেদের মুড়িয়ে রাখবেন না তারা।

‘বাঁচা-মরার লড়াইয়ে আগ্রাসী’ খেলবে বসনিয়া
বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ কাজে লাগাতে উন্মুখ বসনিয়া ও হার্জেগোভিনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 06:55 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

দুই দলের পয়েন্ট ১ করে। কাতার এবং বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ ড্র হলে, তা কারো জন্যই নকআউট পর্বে যেতে সহায়ক হবে না। সের্গেই বার্বারেস তাই পুরো ৩ পয়েন্ট পেতে আক্রমণাত্মক ফুটবল খেলতে চান।

উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে, বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় সিয়াটলে মুখোমুখি হবে এই দুই দল। ৪ করে পয়েন্ট পাওয়া গ্রুপের বাকি দুই দল, সহ-আয়োজক কানাডা ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে একই সময়ে। 

পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে সেরা তৃতীয় দলের একটি হওয়ার জন‍্য কাতার ও বসনিয়ার জয়ের কোনো বিকল্প নেই। বার্বারেসও জয় ছাড়া আর কিছু ভাবছেন না।

“আমাদের ক্ষেত্রে, কখনই ৯০ মিনিট রক্ষণাত্মক খেলার লক্ষ্য থাকবে না। তবে, ম্যাচে এমন মুহূর্তও থাকে… যখন প্রতিপক্ষকে খেলতে দিতে হয়।”

“লং পাসের ও রক্ষণ সামলানোর ম্যাচ হবে না এটা। এটা হবে দুই দলের লড়াই, যারা জয়ের জন্য লড়বে।”

ফিফা র‍্যাঙ্কিংয়ে বসনিয়ার চেয়ে এগিয়ে কাতার। তবে, বসনিয়া কোচ র‍্যাঙ্কিংকে পাত্তা দিচ্ছেন না মোটেও।

“আমরা এই ম্যাচে ফেভারিট হই বা না হই, ম্যাচটি জিততে আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন হবে না। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাকালে কাতার ফেভারিট। আমাদের চেয়ে এগিয়ে। এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তবে, কখনও কখনও মানকে হারিয়ে দিতে পারে ফর্ম।”