অভিমানী নাসরির অবসর
বয়স মাত্র ২৭ বছর। চোটের ভোগান্তিও নেই, সামির নাসরি খেলছেনও ভালো। তবু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। কোচের সঙ্গে অভিমান করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা।
গত মৌসুমে সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতেন নাসরি। এরপরও তাকে ব্রাজিল বিশ্বকাপের দলে নেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
বিষয়টি নিয়ে নাসরির প্রেমিকা আনারা আতানেস দেশমের বিরুদ্ধে নানা কথা বলেন। জনসম্মুখে অপমান করার অভিযোগে দেশমও নাসরির প্রেমিকার বিরুদ্ধে মামলা করেছিলেন।
এসব তিক্ততার কারণেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেয়ার কথা বলেন নাসরি।
"২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের সময় আমার বয়স মাত্র ২৯ বছর হবে। কিন্তু ফ্রান্স জাতীয় দল আমাকে সুখী করতে পারেনি। যখনই জাতীয় দলে খেলেছি, শুধু সমস্যাই তৈরি হয়েছে।"
