১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

২ ম্যাচে ৯ গোল খেয়ে ফেডারেশনকে কাঠগড়ায় তুললেন আলি আব্দি

চোখ জল নিয়ে বিশ্বকাপ পারফরম‍্যান্সের জন‍্য ভক্তদের কাছে ক্ষমা চাওয়া আলি আব্দি দুষলেন দেশের ফুটবল কর্তাদের।

২ ম্যাচে ৯ গোল খেয়ে ফেডারেশনকে কাঠগড়ায় তুললেন আলি আব্দি
তিউনিসিয়ার লেফট-ব‍্যাক আলি আব্দি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 10:49 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

বিশ্বকাপ বাছাই পর্বে যে দলের রক্ষণ ছিল চীনের প্রাচীরের মতো, বিশ্ব মঞ্চে সেই রক্ষণ যেন হয়ে গেল বালির বাঁধ! প্রতিপক্ষের জন্য খুব সহজ হয়ে গেল তিউনিসিয়ার জালে বল পাঠানো।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম‍্যাচে ৯ গোল হজম করেছে তিউনিসিয়া। সুইডেনের বিপক্ষে প্রথম ম‍্যাচে ৫-১ গোলে হারে দলটি। ওই হারের পরই কোচ সাবরি লামৌচিকে ছাঁটাই করে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। 

কোচ হয়ে আসেন আফ্রিকার ফুটবলে সাফল‍্য পাওয়া কোচ এহভে হোনাহ। তার কোচিংয়েই গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব।

স্বল্প দিনে হোনাহ তেমন কিছু করতে পারেননি। রোববার জাপানের বিপক্ষে ৪-০ গোলে হারে তিউনিসিয়া।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম‍্যাচেও বেলজিয়ামের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল তিউনিসিয়া। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না দেশটির। জাপানের বিপক্ষে হারের পর মিক্সড জোনে লেফট-ব‍্যাক আলি আব্দি চোখে জল নিয়ে জানালেন অভিযোগ।

“তিউনিসিয়ার ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি। তবে তাদের কাছে নয়, যারা গুজব আবিষ্কার করে ও সেটা ছড়ায়। এতে কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা হয় না।”

“আমরা কাজ করার সময় পাইনি। ভুল সংশোধন করার পরিবর্তে পুনর্গঠন করতে গিয়ে সব ভেঙে ফেলেছি। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি এমন খেলোয়াড়দের নিয়ে, যারা কখনও এক সঙ্গে খেলেনি। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটা দল গড়ে তোলার জ‍ন‍্য সময় ও স্থিরতার প্রয়োজন হয়। অল্প কয়েকটি প্রস্তুতি ম‍্যাচ খেলে আমরা এমন দলের বিপক্ষে খেলতে পারি না, যারা বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছে।”

টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার। আগামী শুক্রবার নেদারল‍্যান্ডসের বিপক্ষে ম‍্যাচ দিয়ে আসর শেষ করবে তারা।