বিশ্ব দাবায় ছেলেদের জয়, মেয়েদের হার
নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে টানা তিন রাউন্ড হেরে তালিকার নিচের দিকে চলে গিয়েছিল বাংলাদেশ। সেখানে দুর্বল সান ম্যারিনোকে পেয়ে সহজেই জয় পেয়েছে দাবাড়ুরা। তবে মলদোভার কাছে হেরে গেছে আগের রাউন্ডে জয় পাওয়া মেয়েরা।
শনিবার উন্মুক্ত বিভাগে বাংলাদেশের ছেলেরা ৪-০ ব্যবধানে হারায় দুর্বল সান ম্যারিনোকে।
চার বোর্ডে বাংলাদেশ দলের তিন গ্র্যান্ডমাস্টার ও এক ইন্টারন্যাশনাল মাস্টারের বিপরীতে সাম ম্যারিনো দলে প্রতিপক্ষ হিসেবে ছিল চার ক্যান্ডিডেট মাস্টার। ফলে সহজেই জেতেন তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন ও জিয়াউর রহমান এবং ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ।
প্রথম দুই রাউন্ডে জেতার পর তৃতীয় রাউন্ডে ড্র করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন রাউন্ড হেরে যায় দাবাড়ুরা। উন্মুক্ত বিভাগে সপ্তম রাউন্ড শেষে ৩ জয় ও এক ড্র নিয়ে বাংলাদেশ আছে ৭৬তম অবস্থানে। অষ্টম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ফিলিপাইন।
মেয়েদের বিভাগে মলদোভার কাছে ২.৫-১.৫ পয়েন্ট হারে বাংলাদেশ। জয় পান কেবল মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আকতার লিজা। ড্র করেন মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। হেরে যান মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নজরানা খান।
সপ্তম রাউন্ড শেষে ৩টি জয় নিয়ে বাংলাদেশের মেয়েরা আছে ৮৪তম অবস্থানে। অষ্টম রাউন্ডে তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো।
