প্রিয় সান্তোসে ফিরলেন রবিনিয়ো
শৈশবের ক্লাব সান্তোসে আবার ফিরলেন রবিনিয়ো। ব্রাজিল ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর পর দ্বিতীয়বারের মতো পুরানো ক্লাবে ধারে খেলবেন এই ফরোয়ার্ড।
রবিনিয়ো এবার সান্তোসে ফেরেন ইতালির ক্লাব এসি মিলান থেকে ধারে। সেরি আর ক্লাব মিলানের এই ফরোয়ার্ড পুরো মৌসুমের জন্য ধারে সান্তোসে খেলবেন।
মিলানের হয়ে মাঠে আলো কাড়তে পারছিলেন না বলে অনেক দিন ধরেই তার সান সিরো ছাড়ার গুঞ্জন চলছিল।
এমএলএসের ফ্র্যাঞ্চাইজি অরল্যান্ডো সিটি তাকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সান্তোসই পায় রবিনিয়োকে।
নিজের পুরনো ক্লাবে যোগ দিতে পেরে খুশি ৩০ বছর বয়সী এই তারকা।
“এটা আমার বাড়ি। এখানে আমার ভালো লাগে”।
এর আগে ম্যানচেস্টার সিটি থেকে ২০১০ সালে ধারে সান্তোসে খেলেন রবিনিয়ো। সেবার ক্লাবটির হয়ে ব্রাজিলের পলিস্তা শিরোপা ও কাপ জেতেন তিনি।
রবিনিয়ো ব্রাজিল থেকে ইউরোপে পাড়ি জমান ২০০৫ সালে। নাম লেখান স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে, জেতেন দুটি লা লিগা শিরোপা। সান্তিয়াগো বার্নাবেউতে তিন বছর কাটানোর পর ২০০৮ সালে যোগ দেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে।
সিটিতে তেমন কোনো সফলতা নেই রবিনিয়োর। সেখান থেকে সান্তোসে ধারে খেলতে গিয়ে আর ইংল্যান্ডে ফেরেননি তিনি। নাম লেখান ইতালির ক্লাব এসি মিলানে।
সান্তোসের যুব প্রকল্পে ফুটবলার হিসেবে বেড়ে ওঠা রবিনিয়ো রিয়াল মাদ্রিদে নাম লেখানোর আগে ব্রাজিলের দুটি সেরি আ শিরোপা জেতেন।
সান্তোসকে আবারো শিরোপা জয়ের উৎসবে ভাসাতে চান রবিনিয়ো।
“সমর্থকদের ভালোবাসার প্রতিদান আমি মাঠে দেয়ার আশা করছি। সান্তোসের যেখানে থাকার কথা, আমি তাদের সেখানেই রাখতে চাই। আর সেটা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।”
১৩ ম্যাচ শেষে ব্রাজিলের সেরি আতে বর্তমানে ষষ্ঠ অবস্থানে আছে সান্তোস। রোববারই সান্তোসের হয়ে মাঠে নামবেন রবিনিয়ো; প্রতিপক্ষ করিন্থিয়ান্স।
