২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরে চটেছেন গার্দিওলা

মৌসুম শুরুর প্রস্তুতি ম্যাচে এমএলএস অল-স্টারের কাছে ২-১ গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগের খেলোয়াড়দের মারাত্মক ট্যাকলের কারণে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন জার্মানির বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের কোচ পেপ গার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 01:55 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

বুধবার পোর্টল্যান্ডে ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের সঙ্গে হাত মেলাননি ক্ষুব্ধ গার্দিওলা। রেফারিদের উদ্দেশ করে হাত মেলানোর ভঙ্গি করেন তিনি। এর পর দ্রুতই মাঠ ছাড়েন স্পেনের এই কোচ।

এমএলস অল-স্টার দলের খেলোয়াড়দের মারাত্মক সব ট্যাকল এবং গার্দিওলার প্রতিক্রিয়ায় ম্লান হয়ে গেছে বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কির দারুণ একটি গোল।

প্রথমার্ধে লেভানদোভস্কির এই গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। কিন্তু ৫১তম মিনিটে বদলি খেলোয়াড় ব্র্যাডলি ফিলিপ-রাইটের অসাধারণ এক গোলে সমতায় ফেরে এমএলএস অল-স্টার দল।

৭০ মিনিটে এমএলএস অল-স্টারের জয়সূচক গোলটি করেন যুক্তরাষ্ট্রের তারকা ল্যান্ডন ডনোভান।

গার্দিওলার ক্ষোভের কারণটা বুঝতে পারেন ডনোভান। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথাও বলেন তিনি।

“আমি বুঝতে পারছি, সে চায়নি তার খেলোয়াড়রা চোট পাক। ট্যাকলগুলো ভালো ছিল না, কিন্তু একদম বাজেও ছিল না...। আমরা বুঝতে পারছি না, তারা রেফারিদের ওপর চটল কেন।”