২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কামড়-ধারা’ নেই সুয়ারেসের চুক্তিতে

লুইস সুয়ারেসের সঙ্গে বার্সেলোনার চুক্তিতে ‘কামড়’ নিয়ে কোনো ধারা বা শর্ত নেই বলে জানিয়েছেন স্পেনের ক্লাবটির সভাপতি জোসেফ বার্তোমেউ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 11:19 AM

Updated : 13 Oct 2022, 12:25 PM

গত মাসে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস। তবে বিশ্বকাপে কামড় কাণ্ডে শাস্তি পাওয়ায় অক্টোবরের শেষ পর্যন্ত লা লিগার দলটির হয়ে খেলা বা অনুশীলনের সুযোগ নেই তার।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সুয়ারেসের আপিল সফল হলে চার মাসের নিষেধাজ্ঞার শাস্তির মেয়াদ কমতে পারে। আগামী শুক্রবার ফিফার চার মাসের নিষেধাজ্ঞার ওপর তারকা স্ট্রাইকারের শুনানি হবে।

ক্যারিয়ারে তিন খেলোয়াড়কে কামড় দেন সুয়ারেস। বার্সেলোনার সঙ্গে সুয়ারেসের চুক্তির সময় স্থানীয় কিছু গণমাধ্যমে বলা হয় এতে কামড় নিয়ে শর্ত থাকছে; এরপর তিনি কাউকে কামড় দিলে ক্লাবের চুক্তি বাতিল হয়ে যাবে।

বার্তোমেউ এই ধরনের দাবি উড়িয়ে দেন। সিএনএনকে তিনি বলেন, “না, সেখানে কোনো ধারা নেই। যদি থাকতো আমরা হয়তো বলতাম না, কিন্তু এটি নেই।”

বার্সেলোনা সভাপতি জানান, সুয়ারেসের ক্ষমা চাওয়াটাকেই বড় করে দেখছেন তারা। স্পেনের অন্যতম সফল দলটিতে আসতে নাকি সুয়ারেস আরো ভালো প্রস্তাব ফিরিয়ে দেন বলে জানান বার্তোমেউ।