২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে টেনিস টুর্নামেন্ট বাতিল

গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের সংঘর্ষের কারণে তেল আবিবে শুরু হতে যাওয়া এটিপি ইসরায়েল ওপেন বাতিল করেছে পেশাদারী টেনিসের সর্বোচ্চ সংস্থা (এটিপি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 03:02 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

টুর্নামেন্টটি বাতিল করার সিদ্ধান্তে এটিপি তাদের ওয়েবসাইটে দুঃখ প্রকাশ করে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও সভাপতি ক্রিস কেরমোড বলেন, "বিষয়টা দুঃখের হলেও, আমাদের মনে হয় না, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী (প্রতিযোগিতাটি) আয়োজন করা সম্ভব।"

টুর্নামেন্ট বাতিল করার কারণ হিসেবে খেলোয়াড়, সমর্থক এবং এর সঙ্গে জড়িত সবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানায় এটিপি।

আগামী ১৫-২১ সেপ্টেম্বর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর তেল আবিবে প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল। ১০ লাখ ডলার পুরস্কারের লড়াইটা হতো প্রতিযোগিতার অভিষেক আসর। ১৯৯৬ সালের পর ইসরায়েলে কখনই কোনো বড় মাপের পুরুষ টেনিস টুর্নামেন্ট হয়নি।      

হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের হামলায় গত চার সপ্তাহে ১ হাজার ৮৩৪ জন ফিলিস্তিনি মারা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ৬৪ জন।

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাও ইসরায়েল থেকে সব ম্যাচ সরিয়ে নেয়। মহাদেশীয় কোনো টুর্নামেন্টে ইসরায়েলের ক্লাবগুলোর 'হোম ম্যাচ' সাইপ্রাসে হবে।