২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বার ম্যান ইউর শিরোপা জয়

নতুন কোচ লুইস ফন গালের অধীনে দুর্বার ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুম শুরুর আগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে। পিছিয়ে পড়েও ৩-১ গোলে তারা হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব লিভারপুলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 10:31 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

যুক্তরাষ্ট্রের মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে সোমবার রাতে ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক স্টিভেন জেরার্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। রাহিম স্টার্লিংকে ইউনাইটেড ডিফেন্ডার ফিল জোনস ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে ইউনাইটেড। ৫৫তম মিনিটে হাভিয়ের এরনান্দেসের ক্রস থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন ওয়েইন রুনি। দুই মিনিট পরে হুয়ান মাতার জোড়ালো শট মামাদু সাকোর গায়ে লেগে খানিকটা দিক পাল্টে লিভারপুলের জালে জড়ায়।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে বদলি হিসেবে নামা জেসি লিনগ্যার্ডের ১৮ গজ দূর থেকে নেয়া জোড়ালো শটে শিরোপা নিশ্চিত হয় ইউনাইটেডের।

গত মৌসুমে বাজে ফল করা ম্যানচেস্টার ইউনাইটেড যেন নতুন কোচ লুইস ফন গালের ছোঁয়ায় পাল্টে গেছে। যুক্তরাষ্ট্র সফরে এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতলো তার দল। প্রীতি ম্যাচে এলএ গ্যালাক্সিকে উড়িয়ে দেয় তারা। এরপর আট দলের এই টুর্নামেন্টে ইতালির রোমা ও ইন্টার মিলান এবং চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে ইউনাইটেড।