২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে বিশ্বকাপের চমক নাভাস

ব্রাজিল বিশ্বকাপে কোস্টা রিকার চমক জাগানো পারফরম্যান্সের অন্যতম কারিগর কেইলর নাভাসকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার অন্যতম সেরা এই গোলরক্ষকের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 12:57 AM

Updated : 13 Oct 2022, 12:24 PM

ইউরোস্পোর্টের খবর অনুযায়ী, স্পেনের আরেক ক্লাব লেভান্তে থেকে নাভাসকে দলে টানতে তার ‘বাই-আউট ক্লজ' এর এক কোটি ইউরো গুণতে হয়েছে রিয়ালকে।

গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকা।

গত মৌসুমে ইউরোপ সেরার রেকর্ড দশম শিরোপা জেতা রিয়ালের প্রথম একাদশে জায়গা পেতে ইকের কাসিয়াস এবং দিয়েগো লোপেসের সঙ্গে কঠিন লড়াইয়ে নামতে হবে নাভাসকে। চলতি মৌসুমে তৃতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালে এসেছেন তিনি।

বিশ্বকাপে পর জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস ও কলম্বিয়ার তারকা প্লেমেকার হামেস রদ্রিগেসের সঙ্গে চুক্তি করে রিয়াল।