২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালকাওয়ের গোলে আর্সেনালকে হারাল মোনাকো

প্রায় ছয় মাস পর ক্লাবের প্রথম একাদশে ফিরেই গোল করলেন রাদামেল ফালকাও। আর কলম্বিয়ার এই তারকা স্ট্রাইকারের একমাত্র গোলে আর্সেনালকে তাদেরই মাঠে হারিয়েছে মোনাকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 11:53 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

গত জানুয়ারিতে হাঁটুর লিগামেন্টে মারাত্মক চোট পাওয়ার পর থেকে ফুটবলের বাইরে ছিলেন ২৮ বছর বয়সী ফালকাও। এই চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গত শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ফালকাও। অবশ্য মূল স্ট্রাইকার হিসেবে ২০ মিনিট খেললেও গোলে কোনো শট নিতে পারেননি তিনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

তবে রোববার ফালকাওয়ের জ্বলে ওঠায় আর্সেনালকে হারালেও প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট এমিরেটস কাপের শিরোপা জিততে পারেনি ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের ক্লাব ভালেন্সিয়া।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি জয়ের জন্য ৩ পয়েন্ট এবং ড্রয়ের জন্য ১ পয়েন্ট পাওয়ার পাশাপাশি প্রতিটি গোলের জন্যও ১ পয়েন্ট পাবে দলগুলো। সে হিসেবে মোনাকোর মতো একটি জয় ও একটি ড্র করলেও বেশি গোল করার সুবাদে ৯ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে ভালেন্সিয়া।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে মোনাকোকে হারালেই শিরোপা নিশ্চিত হতো প্রথম ম্যাচে বেনফিকাকে ৫-১ গোলে বিধ্বস্ত করা আর্সেনালের। কিন্তু ৩৭তম মিনিটে ফালকাওয়ের হেড থেকে করা গোলটি আর শোধ করতে পারেনি স্বাগতিকরা।

এই মৌসুমেই বার্সেলোনা থেকে লন্ডনের ক্লাবটিতে যোগ দেয়া আলেক্সিস সানচেস প্রথমবারের মতো প্রথম একাদশে জায়গা পান। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সুযোগও পেয়েছিলেন চিলির এই ফরোয়ার্ড কিন্তু গোল করতে পারেননি।