রুনির জোড়া গোলে ম্যান ইউয়ের জয়
ওয়েইন রুনির জোড়া গোলে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দারুণ সূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালির ক্লাব এএস রোমাকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ডের দলটি।
কলোরাডোর ডেনভারে স্পোর্টস অথরিটি ফিল্ডে অতিথি দলটির জয়ের নায়ক স্ট্রাইকার রুনি দুটি গোল করার পাশাপাশি হুয়ান মাতার গোলটিতে সহায়তাও করেন।
প্রথমার্ধের শেষ দিকে ১০ মিনিটে ৩ গোল করে জয়টা প্রায় নিশ্চিতই করে ফেলে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। ৩৬তম মিনিটে ২০ গজ দূর থেকে রুনির জোরালো শটে এগিয়ে যায় ইউনাইটেড।
এর তিন মিনিট পর নিজেদের সীমানা থেকে রুনির দেয়া লম্বা এক পাস দারুণভাবে আয়ত্তে এনে ব্যবধান ২-০ করেন স্পেনের মিডফিল্ডার হুয়ান মাতা। আর ইনজুরি সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রুনি।
প্রথমার্ধে খুব বেশি সুযোগ না পাওয়া রোমা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে শুরু করে।
৭৫তম মিনিটে মিরালেম পিয়ানিচের অসাধারণ এক গোলে ব্যবধান কমায় তারা। মাঝ মাঠেরও ১০ গজ আগে থেকে বসনিয়ার এই মিডফিল্ডারের দুর্দান্ত শটটি কিছুটা এগিয়ে আসা ইউনাইটেডের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
নতুন কোচ লুইস ফন গালের অধীনে ইউনাইটেডের এটা টানা দ্বিতীয় জয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
প্রতিযোগিতার 'এ' গ্রুপের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ইতালির আরেক ক্লাব ইন্টার মিলান। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
