মুস্তাফির বিশ্বকাপ শেষ
আলজেরিয়া-বাধা পার হয়ে জার্মানি শেষ আটে জায়গা করে নিলেও চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ডিফেন্ডার স্কোড্রান মুস্তাফির।
পোর্তো আলেগ্র্রেতে আলজেরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সোমবার ৭০তম মিনিটে মাঠ ছাড়েন মুস্তাফি। ঊরুর মাংসপেশিতে চোট পান জার্মানির এই ডিফেন্ডার।
জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানায়, ২২ বছর বয়সী সাম্পদোরিয়ার এই ডিফেন্ডার বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না।
চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাস্টিয়ান শোয়ানস্টাইগারও। তবে জার্মানির কোচ ইওয়াখিম লুভ জানান, বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারের অবস্থা খারাপ নয়।
শুক্রবার মারাকানায় কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে জার্মানি।
