২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মোহামেডান লড়াই অমীমাংসিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের লড়াইয়ে কেউ জেতেনি। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 07:40 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

ম্যাচের দশম মিনিটে আবাহনী এগিয়ে যায় ঘানার ওসেই মরিসনের গোলে। পর্তুগালের ফরোয়ার্ড লিওনিলদো সুয়ারেসের ক্রসে স্ট্রাইকার মরিসন দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান।

প্রথমার্ধের শেষ মিনিটে মোহামেডানের স্ট্রাইকার ওসেসেনি জঙ্গোর চমৎকার শট গোল লাইন থেকে কোনোমতে ফিরিয়ে দেন আবাহনী ডিফেন্ডার সুজন।

৪৮তম মিনিটে ম্যাচে সমতা নিয়ে আসে মোহামেডান। জঙ্গোর চমৎকার ক্রসে স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ মাথা ছোঁয়ালেই বল ঠিকানা খুঁজে পায় আবাহনীর জালে।

৬০তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ নষ্ট করে সাদা-কালো শিবির। ফরোয়ার্ড ইউসুফ সিফাতের ক্রস থেকে ওয়াহেদের করা শট রুখে দেন আবাহনী গোলরক্ষক সোহেল।

এরপর ওয়াহেদ আরো দুটি সুযোগ হাতছাড়া করলে খেলা শেষ হয় ১-১ সমতায়।

এই ড্রয়ে ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো আবাহনী। সমান ম্যাচ থেকে তৃতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ৩৭ পয়েন্ট।