২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে নিয়ে শঙ্কা নেই: স্কলারি

নকআউট পর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিল নাটকীয় জয়ে হাঁফ ছেড়ে বাঁচলেও নেইমারের চোট ভাবিয়ে তুলেছে সমর্থকদের। তবে সব শঙ্কা কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগেই নেইমার পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন বলে জানালেন কোচ লুইস ফেলিপে স্কলারির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 08:23 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ভক্তদের দুশ্চিন্তা কমাতে স্কলারি বলেন, “তাকে (নেইমারকে) মাঠে নামাতে আমরা আমাদের সর্বোচ্চটা করবো।”

শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে শেষ আটে ওঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ওই ম্যাচের শুরুর দিকে ঊরুতে ব্যথা পান ২২ বছর বয়সী এই তারকা। অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে খানিক পরেই মাঠে নামেন নেইমার। খেলেন নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পুরোটা, টাইব্রেকারে শেষ শট নিয়ে জয়ে অবদানও রাখেন বার্সেলোনার এই খেলোয়াড়।

আগামী শুক্রবার ফরতালেজায় শেষ আটের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।